জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় জনবলের সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় তুলে ধরে সেগুলো নিরসনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন তিনি।
এ ছাড়া শিক্ষা ও গবেষণার পরিবেশের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাবিপ্রবিকে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতির সহযোগিতা চান উপাচার্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উপাচার্যের বক্তব্য শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, বিশেষ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতায় জাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি ঘটবে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে