প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
চাঁদপুরে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর শহরের দক্ষিণ তরুপুরচন্ডী এলাকায় বসত বাড়ির বাগানে ফুলের পরিচর্যা করতে গিয়ে একাধিক ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে তরপুরচন্ডী খলিফা বাড়িতে এই ঘটনা ঘটে।সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক। পেশায় তিনি ডেভেলপার ব্যবসায়ী।সোহাগের চাচা শ্বশুর মো. নাছির আলম বলেন, সোহাগ নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তাকে মাথায় কামড় দেয়। মারাত্মাক ব্যাথা অনুভব হওয়ায় বাড়ির লোকজন তাকে তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান বলেন, ওই ব্যাক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায়।এদিকে রাত ৮টায় নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত